মেসি-এমবাপ্পের গোল সমান থাকলে কে জিতবেন গোল্ডেন বুট?

মেসি-এমবাপ্পের গোল সমান থাকলে কে জিতবেন গোল্ডেন বুট?
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ এখন শেষ অধ্যায়ে। সেমিফাইনাল শেষে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন। তবে শিরোপার পাশাপাশি সবচেয়ে বড় ব্যক্তিগত পুরস্কারগুলোর একটি-গোল্ডেন বুট-নিয়েও জমে উঠেছে প্রতিযোগিতা।

সর্বোচ্চ গোলদাতার তালিকায় বর্তমানে যৌথভাবে শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। দুজনেরই গোল সংখ্যা ৮। তবে ফ্রান্স সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় এমবাপ্পের সামনে বাকি রয়েছে কেবল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। অন্যদিকে আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। ফলে মেসির সামনে রয়েছে অন্তত একটি, আর ফাইনালে উঠলে দুটি ম্যাচ খেলার সুযোগ।

 

ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে গোল্ডেন বুট যৌথভাবে দেওয়া হয় না। একাধিক খেলোয়াড় সমান সংখ্যক গোল করলে নির্দিষ্ট টাইব্রেকার অনুসরণ করে বিজয়ী নির্ধারণ করা হয়।

 

প্রথম বিবেচনায় আসে অ্যাসিস্ট। এই মুহূর্তে এমবাপ্পে ৮ গোলের পাশাপাশি করেছেন ৩টি অ্যাসিস্ট। অন্যদিকে মেসির নামের পাশে রয়েছে ৮ গোল ও ২টি অ্যাসিস্ট। ফলে এই মানদণ্ডে আপাতত এগিয়ে আছেন ফরাসি অধিনায়ক।

 

যদি গোল ও অ্যাসিস্ট-দুই ক্ষেত্রেই সমতা থাকে, তাহলে দ্বিতীয় মানদণ্ড হিসেবে বিবেচনা করা হবে মাঠে মোট খেলার সময়। কম সময় খেলেই একই সংখ্যক গোল করা ফুটবলারকে এগিয়ে রাখা হবে।

 

এরপরও সমতা থাকলে দেখা হবে ওপেন প্লে থেকে করা গোলের সংখ্যা, অর্থাৎ পেনাল্টি বাদ দিয়ে কতটি গোল এসেছে। এই দিক থেকে কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকতে পারেন মেসি। চলতি বিশ্বকাপে তিনি অস্ট্রিয়া ও মিশরের বিপক্ষে দুটি পেনাল্টি মিস করেছেন। ফলে তার গোলের বড় অংশই এসেছে ওপেন প্লে থেকে। অন্যদিকে এমবাপ্পে দুটি পেনাল্টির মধ্যে একটি থেকে গোল করেছেন।

 

বর্তমানে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে থাকা ফুটবলারদের তালিকা-

  • লিওনেল মেসি (আর্জেন্টিনা) - ৮ গোল
  • কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) - ৮ গোল
  • আর্লিং হলান্ড (নরওয়ে) - ৭ গোল (দল বিদায় নেওয়ায় আর সুযোগ নেই)
  • হ্যারি কেইন (ইংল্যান্ড) - ৬ গোল
  • জুড বেলিংহাম (ইংল্যান্ড) - ৬ গোল
  • উসমান দেম্বেলে (ফ্রান্স) - ৫ গোল
  • মিকেল ওইয়ারসাবাল (স্পেন) - ৫ গোল

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে গোল করতে পারলে মেসি এককভাবে শীর্ষে উঠে যাওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করে আবারও এগিয়ে যেতে চাইবেন এমবাপ্পে। পাশাপাশি কেইন, বেলিংহাম কিংবা স্পেনের ফুটবলারদেরও এখনো গাণিতিকভাবে দৌড়ে থাকার সুযোগ রয়েছে।

 

ফলে ২০২৬ বিশ্বকাপের শেষ দুই ম্যাচ শুধু শিরোপা নির্ধারণই করবে না, ঠিক করে দেবে এবারের আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট কার হাতে উঠবে।


সম্পর্কিত নিউজ