২০৩০ বিশ্বকাপে কী খেলবেন? যে ইঙ্গিত দিলেন নেইমার

২০৩০ বিশ্বকাপে কী খেলবেন? যে ইঙ্গিত দিলেন নেইমার
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে ২০২৬ আসরে মাঠে নেমেছিল ব্রাজিল। কিন্তু শেষ ষোলোর বাধাই পেরোতে পারেনি সেলেসাওরা। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে আরও একবার অপূর্ণ থেকেই গেল ব্রাজিলের হেক্সা মিশন। সেই সঙ্গে বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্নটাও অধরা থেকে গেল নেইমারের ক্যারিয়ারে।

ব্রাজিলের বিদায়ের কয়েক দিনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি আবেগঘন ভিডিও। সেখানে কল্পিত এক গল্পে বিভিন্ন বয়সের নেইমার একে অপরের সঙ্গে কথোপকথন করেন। ভিডিওটি প্রকাশের পর স্বয়ং নেইমারের প্রতিক্রিয়াই সেটিকে আরও আলোচনায় এনে দিয়েছে এবং ২০৩০ বিশ্বকাপে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

 

ভিডিওটি প্রকাশ করেছে ইনস্টাগ্রামের ‘Nerd Soul AI’ নামের একটি অ্যাকাউন্ট। শুরুতে দেখা যায়, সান্তোসের জার্সি পরা ছোট্ট এক নেইমারের সামনে হাজির হন ভবিষ্যতের একজন নেইমার। নিজেকে পরিচয় দেন, ‘আমি ভবিষ্যতের তুমি।’

এরপর ছোট্ট নেইমার প্রশ্ন করে, ‘আমরা প্রথম বিশ্বকাপটা কত বছর বয়সে জিতেছিলাম?’

 

জবাবে বড় নেইমার আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমি এ কারণেই তোমার কাছে এসেছি। আমরা বিশ্বকাপ জিততে পারিনি। আমি আমার সবকিছু উজাড় করে দিয়েছি। শেষ শক্তিটুকু পর্যন্ত লড়েছি, কিন্তু একা আমার পক্ষে সম্ভব হয়নি। তাই আমি জানতে চাই, তুমি কি চাও আমি আর একবার, শেষবারের মতো চেষ্টা করি?’

 

ভিডিওর শেষ দৃশ্যে দেখা যায়, আরও বয়স্ক এক নেইমার হাতে একটি বিশ্বকাপ ট্রফি ধরে আছেন, যেখানে খোদাই করা রয়েছে ‘2030’। এরপর ছোট্ট নেইমারের উত্তর আসে, ‘হ্যাঁ, আর একবার চেষ্টা করো।’ এই আবেগঘন বার্তাতেই শেষ হয় ভিডিওটি।

 

ভিডিওটি প্রকাশের পর সবচেয়ে বেশি আলোচনায় আসে নেইমারের প্রতিক্রিয়া। তিনি কোনো মন্তব্য লিখেননি, তবে ইনস্টাগ্রামে তিনটি আবেগঘন ইমোজি দিয়ে পোস্টটিতে প্রতিক্রিয়া জানান। তার এই সংক্ষিপ্ত প্রতিক্রিয়াকেই অনেক ভক্ত ২০৩০ বিশ্বকাপ নিয়ে আশা না হারানোর ইঙ্গিত হিসেবে দেখছেন। যদিও নেইমার নিজে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।

 

প্রকাশের প্রথম ১২ ঘণ্টার মধ্যেই ভিডিওটি ৩ কোটি ৩০ লাখের বেশি ভিউ, প্রায় ৩৭ লাখ লাইক, ১ লাখ ৯০ হাজারের বেশি মন্তব্য এবং ১০ লাখের বেশি শেয়ার অতিক্রম করে। পরে এর ভিউ আরও দ্রুত বাড়তে থাকে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এটি ব্যাপকভাবে আলোচিত হয়।

 

এবারের বিশ্বকাপে নেইমারের জন্য আসরটি ছিল হতাশার। ইনজুরির কারণে পুরোপুরি ফিট না থাকায় টুর্নামেন্টজুড়ে সীমিত সময় মাঠে নামতে পেরেছিলেন তিনি। নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে বদলি হিসেবে নেমে ব্রাজিলের একমাত্র গোলটি করলেও আর্লিং হলান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

 

বিশ্বকাপ শুরুর আগে নেইমার ইঙ্গিত দিয়েছিলেন, ২০২৬-ই হতে পারে তার শেষ বিশ্বকাপ। ব্রাজিল বিদায় নেওয়ার পরও তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন। তবে এআই ভিডিওতে তার আবেগঘন প্রতিক্রিয়া ভক্তদের মধ্যে নতুন করে প্রশ্ন তুলেছে-৩৮ বছর বয়সে ২০৩০ বিশ্বকাপে কি আরেকবার ব্রাজিলের জার্সিতে দেখা যেতে পারে এই তারকাকে?

 

যদিও বাস্তবতা বলছে, এখন পর্যন্ত নেইমার ২০৩০ বিশ্বকাপে খেলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তাই ভাইরাল ভিডিওটি সম্পূর্ণ কল্পনানির্ভর হলেও, ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের অপূর্ণ বিশ্বকাপ স্বপ্নকে নতুন করে আলোচনায় এনে দিয়েছে।


সম্পর্কিত নিউজ