{{ news.section.title }}
দেশের বাজারে আজ কত টাকায় বিক্রি হচ্ছে সোনার ভরি?
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করে জানিয়েছে, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
মঙ্গলবার (১৪ জুলাই) বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে ১৩ জুলাইও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। সব মিলিয়ে মাত্র দুই দিনের ব্যবধানে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম কমেছে ৪ হাজার ৩৭৪ টাকা, যা সাম্প্রতিক সময়ে অন্যতম বড় মূল্যহ্রাস।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস আরও জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দামই দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইনভেদে মজুরি আলাদাভাবে যোগ হবে। যেহেতু নির্ধারিত মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে, তাই গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়ম অনুযায়ী ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য সমন্বয় করা হবে।
অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বিক্রি হচ্ছে।
চলতি বছরে এখন পর্যন্ত ৯১ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৪ বার দাম বেড়েছে, ৪৬ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামা এবং স্থানীয়ভাবে তেজাবি সোনার মূল্য পরিবর্তনের প্রভাবেই দেশের বাজারে বারবার দামের সমন্বয় করা হচ্ছে।