{{ news.section.title }}
জুলাই স্মৃতি জাদুঘর ৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই স্মৃতি জাদুঘর আগামী ৫ আগস্ট জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। জাদুঘরটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আহ্বানের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংস্কৃতিক মন্ত্রণালয় ইতোমধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে, আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা হবে এবং উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।
এর আগে বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘মেহেরবানী করে এই জুলাইতেই জুলাই জাদুঘরটা খুলে দেন। যদি কিছু কাজ বাকিও থাকে, তবুও খুলে দেন। সংস্কার, সংযোজন বা পরিবর্তনের কাজ চলমান থাকুক। কিন্তু জাদুঘরটি জনগণের জন্য উন্মুক্ত করে দিন। আপনি উদ্বোধন করবেন, আমাদের দাওয়াত দিলে আমরাও আপনার পাশে থাকব।’
এরও আগে মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামী ৫ আগস্টের মধ্যেই উদ্বোধন করা হবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, দলিল, আলোকচিত্র ও বিভিন্ন স্মারক সংরক্ষণের উদ্দেশ্যে জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে। উদ্বোধনের পর এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।