দেশে আরও কমলো স্বর্ণের দাম, ভরি কত?

দেশে আরও কমলো স্বর্ণের দাম, ভরি কত?
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় আবারও কমানো হলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ মূল্য তালিকা মঙ্গলবার সকাল ১০টা থেকেই দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।

 

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় কাঁচা স্বর্ণের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

 

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

 

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দামই কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ক্ষেত্রে নির্ধারিত স্বর্ণের মূল্যের সঙ্গে ডিজাইনভেদে মজুরি যুক্ত হবে। এছাড়া স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রেও আগের নিয়ম বহাল থাকবে। অর্থাৎ নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে মূল্য নির্ধারণ করা হবে।

 

এর আগে মাত্র এক দিন আগে, গত ১৩ জুলাইও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ দুই দিনের ব্যবধানে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম মোট ৪ হাজার ৩৭৪ টাকা কমেছে।

 

অন্যদিকে, এবার স্বর্ণের দাম কমানো হলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা রয়েছে।

 

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৯১ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ বার দাম বেড়েছে, ৪৬ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে স্বর্ণের দাম মোট ৯৩ বার পরিবর্তন করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

 

রুপার ক্ষেত্রেও চলতি বছর এখন পর্যন্ত ৫৬ দফা মূল্য সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৮ বার দাম বেড়েছে এবং ২৮ বার কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং মাত্র ৩ বার কমেছিল।

 

বাজারসংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য পরিবর্তনের কারণেই দেশের বাজারে ঘন ঘন মূল্য সমন্বয় করা হচ্ছে। তাই স্বর্ণ কেনা বা বিক্রির আগে সর্বশেষ মূল্য যাচাই করার পরামর্শ দিয়েছেন তারা।


সম্পর্কিত নিউজ