৮ দিন পর খুলে গেল সাজেক, পর্যটকদের জন্য উন্মুক্ত সব পর্যটনকেন্দ্র

৮ দিন পর খুলে গেল সাজেক, পর্যটকদের জন্য উন্মুক্ত সব পর্যটনকেন্দ্র
ছবির ক্যাপশান, পুরনো ছবি

টানা আট দিন বন্ধ থাকার পর অবশেষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিসহ জেলার সব পর্যটন স্পট। বন্যা ও পাহাড়ি ঢলের কারণে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় বুধবার (১৫ জুলাই) বিকেল থেকেই পর্যটকরা আবারও এসব এলাকায় ভ্রমণ করতে পারবেন।

বুধবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিসিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতির উন্নতি হওয়ায় পূর্বের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এবং সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্র পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

 

এর আগে গত ৭ জুলাই টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যার কারণে সাজেকে পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। ওই সময় পাহাড়ধসের আশঙ্কা, সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়া এবং যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ায় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

 

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও পর্যটকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্ষা মৌসুমে পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় আবহাওয়া ও সড়কের পরিস্থিতি বিবেচনায় চলাচল করতে হবে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে সময় সময় জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

 

সাজেক ভ্যালি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। বর্ষাকালে সবুজ পাহাড়, মেঘের খেলা, ঝরনা ও মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই সময়ে পর্যটকদের আগ্রহ সবচেয়ে বেশি থাকে। তবে সাম্প্রতিক ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পুরো পর্যটন কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছিল।

 

পর্যটক প্রবেশ বন্ধ থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন স্থানীয় রিসোর্ট, কটেজ, হোটেল-মোটেল মালিক, রেস্তোরাঁ ব্যবসায়ী, জিপ ও চান্দের গাড়ির চালক এবং পর্যটননির্ভর হাজারো ক্ষুদ্র উদ্যোক্তা। আট দিনের স্থবিরতায় অনেক বুকিং বাতিল হয় এবং ব্যবসায়ীরা উল্লেখযোগ্য লোকসানের মুখে পড়েন।

 

সাজেকে পর্যটন কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্তকে স্বস্তির খবর হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রিসোর্ট কটেজ ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন, গত আট দিন ব্যবসা পুরোপুরি বন্ধ ছিল। বর্ষাকালেই সাজেক সবচেয়ে বেশি সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে এবং এ সময় পর্যটকদের আগ্রহও থাকে বেশি। তাই পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্তে ব্যবসায়ীরা নতুন করে আশাবাদী।

 

তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই সাজেকে আবারও পর্যটকদের ভিড় বাড়বে। এতে স্থানীয় অর্থনীতি সচল হওয়ার পাশাপাশি পর্যটন সংশ্লিষ্ট হাজারো মানুষের জীবিকাও স্বাভাবিক হবে।

 

জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক থাকলে সাজেকে পর্যটন কার্যক্রম অব্যাহত থাকবে। তবে আবহাওয়ার অবনতি বা নতুন কোনো প্রাকৃতিক ঝুঁকি তৈরি হলে প্রয়োজন অনুযায়ী নতুন নির্দেশনা দেওয়া হবে। তাই ভ্রমণের আগে পর্যটকদের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি ও প্রশাসনের নির্দেশনা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


সম্পর্কিত নিউজ