সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
ছবির ক্যাপশান, সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৩ জনে। আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে আইসিইউসহ বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ মারা যাওয়া তিন শিশুই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ জেলায় এবং একজনের বাড়ি হবিগঞ্জে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা যাওয়া ১০৩ জনের মধ্যে একজন ছাড়া সবাই শিশু। চার জেলার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জে, যেখানে এ পর্যন্ত ৪৭ শিশুর প্রাণহানি ঘটেছে। এছাড়া সিলেট জেলায় ৩৫ জন, মৌলভীবাজারে ১২ জন এবং হবিগঞ্জে ৯ জনের মৃত্যু হয়েছে।

 

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে মোট ৫৩৪ জন ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।

 

এছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৫৭ জন।

 

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতালটিতে ২০টি এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪টি আইসিইউ শয্যা প্রস্তুত রাখা হয়েছে, যাতে গুরুতর রোগীদের দ্রুত চিকিৎসা দেওয়া যায়।
 


সম্পর্কিত নিউজ