বাংলাদেশ থেকে বছরে ৮ হাজার কোটি টাকা নিয়ে যায় মেটা

বাংলাদেশ থেকে বছরে ৮ হাজার কোটি টাকা নিয়ে যায় মেটা
ছবির ক্যাপশান, বাংলাদেশ থেকে বছরে ৮ হাজার কোটি টাকা নিয়ে যায় মেটা, দাবি বিশেষজ্ঞদের

বাংলাদেশে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পরিচালনাকারী প্রতিষ্ঠান মেটা প্রতি বছর ৮ হাজার কোটি টাকার বেশি আয় করছে বলে দাবি করেছেন প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। শনিবার (১৬ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘টেলিকম খাতে নতুন সরকারের ভিশন’ শীর্ষক সেমিনারে এই তথ্য তুলে ধরা হয়।

টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত এই সেমিনারে দেশের টেলিযোগাযোগ, ডিজিটাল অর্থনীতি এবং প্রযুক্তিখাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সমীর কুমার দে।

 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, সরকার ৫জি প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) গ্রামীণ পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে গুরুত্বের সঙ্গে কাজ করছে। আগামী পাঁচ বছরে এই খাতে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোবাইল অপারেটর রবি’র রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স প্রধান ব্যারিস্টার শাহেদ আলম। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় সাত কোটি ৩০ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করে। প্রতি ব্যবহারকারীর কাছ থেকে মেটা গড়ে ১৫ ডলার আয় করে থাকে। সেই হিসাবে বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় দাঁড়ায় প্রায় ৭০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার কোটির টাকারও বেশি।

 

তিনি আরও বলেন, এই হিসাব মেটার নিজস্ব আর্থিক তথ্যের ভিত্তিতে করা হয়েছে। তবে এত বিপুল আয় করলেও বাংলাদেশের অর্থনীতিতে প্রতিষ্ঠানটির প্রত্যক্ষ কোনো অবদান নেই বলে মন্তব্য করেন তিনি।
 


সম্পর্কিত নিউজ