আরো একটি সেভেনআপের গল্প, ৭-১ গোলের বড় জয় আর্জেন্টিনার

আরো একটি সেভেনআপের গল্প, ৭-১ গোলের বড় জয় আর্জেন্টিনার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

দক্ষিণ আমেরিকার ফুটবলে ব্রাজিল ও আর্জেন্টিনার দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা ও গল্পের জন্ম। নিজ নিজ দেশের বাইরে বাংলাদেশের মতো দেশেও এই দুই দলের রয়েছে বিপুল সমর্থকগোষ্ঠী। ফলে তাদের ম্যাচ কিংবা অন্য দলের বিপক্ষে পাওয়া বড় জয়-পরাজয় ঘিরে আলোচনা ছড়িয়ে পড়ে নানা রকম গল্পে। এরই ধারাবাহিকতায় আবারও আলোচনায় এসেছে ‘সেভেনআপ’ শব্দটি।

দক্ষিণ আমেরিকার ১০ দল নিয়ে আয়োজিত কনমেবল সাব-২০ ফুটসাল টুর্নামেন্টে এবার সেই গল্পে যুক্ত হয়েছে ইকুয়েডর, কলম্বিয়া ও বলিভিয়ার নাম। বৃহস্পতিবার (২১ নভেম্বর) পেরুর লিমায় ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা ফুটবল দল ৭-১ গোলে ইকুয়েডরকে পরাজিত করে। একই টুর্নামেন্টে গ্রুপ ‘বি’-তে কলম্বিয়াও একই ব্যবধানে বলিভিয়াকে হারিয়েছে।

এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেন উলিসেস সিলগুয়েরো, রদ্রিগো আলভারেজ (দুই গোল),বাতিস্তা কাসো, ফ্যাব্রিসিও গালভান, ইভান মন্টেরস ও লুকাস হঞ্জ। ইকুয়েডরের হয়ে সান্ত্বনাসূচক একমাত্র গোলটি আসে জাভিয়ার চিকুইতোর পা থেকে।

গ্রুপ পর্বে চার ম্যাচে দুই জয় ও দুই ড্র নিয়ে গ্রুপ ‘এ’-এর রানার্সআপ হিসেবে শেষ চার নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। অন্যদিকে গ্রুপ ‘এ’ থেকে প্যারাগুয়ে এবং গ্রুপ ‘বি’ থেকে ব্রাজিল ও কলম্বিয়া সেমিফাইনাল নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ২০১৪ সালের বিশ্বকাপে ব্রাজিলের মিনেইরাও স্টেডিয়ামে জার্মানির কাছে ৭-১ গোলে হারের পর থেকেই বাংলাদেশে ব্রাজিল দলকে নিয়ে ‘সেভেনআপ’ শব্দটি রসিকতার প্রতীক হয়ে ওঠে। সেই স্মৃতিই আবার নতুন করে আলোচনায় ফিরিয়ে আনল আর্জেন্টিনার এই বড় জয়।


সম্পর্কিত নিউজ