বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় আইসিসির কড়া সমালোচনা করলেন আফ্রিদি

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় আইসিসির কড়া সমালোচনা করলেন আফ্রিদি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

নিরাপত্তা উদ্বেগের কারণে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানানোয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ প্রস্তাব দিয়েছিল তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক, কিন্তু আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। আইসিসির এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। শহীদ আফ্রিদি বাংলাদের পাশে অবস্থান নেওয়ায় বাংলাদেশের মানুষ ধন্যবাদ জানাচ্ছে।


এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে আফ্রিদি লেখেন, ‘বাংলাদেশ ও আইসিসি ইভেন্টে অংশ নেওয়া সাবেক একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আইসিসির এমন অসঙ্গতি দেখে আমি খুবই হতাশ। তারা ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি মেনে নিয়েছিল, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও একই আবেদন মানতে অনাগ্রহী।’

 

গত বছর চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানায় ভারত। এরপর আইসিসি ভারতের দাবি মেনে নিয়ে ভারতের সব ম্যাচ দুবাইয়ে আয়োজন করে।


যদিও অন্য সব অংশগ্রহণকারী দল পাকিস্তানে খেলেছিল, তাদের ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে দুবাই যেতে হয়েছিল।
বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রে আইসিসি একই নীতি প্রয়োগ করেনি, এমন অভিযোগ করে আফ্রিদি আরো বলেন, ‘ধারাবাহিকতা ও ন্যায্যতাই বৈশ্বিক ক্রিকেট পরিচালনার ভিত্তি। বাংলাদেশের খেলোয়াড় ও তাদের লাখো সমর্থক সম্মান পাওয়ার যোগ্য, দ্বৈত নীতির নয়। আইসিসির উচিত সেতুবন্ধন তৈরি করা, তা ভেঙে ফেলা নয়।


এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিও একই ধরনের মন্তব্য করেন। শনিবার লাহোরে সাংবাদিকদের তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আইসিসির বোর্ড মিটিংয়েও একই কথা বলেছি। আপনি দ্বৈত নীতি রাখতে পারেন না, যেখানে একটি দেশ যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নিতে পারে, আর অন্য দেশের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো আচরণ করা হয়।’

আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে বাংলাদেশের জাতীয় দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি বলেই বিসিবির শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে।


ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি।
আইসিসি আরো জানায়, টুর্নামেন্ট এত কাছাকাছি সময়ে থাকায় বিসিবির অনুরোধ বাস্তবায়ন করা সম্ভব ছিল না। ফলে সংস্থাটির হাতে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।


সম্পর্কিত নিউজ