মা-বাবার জন্য ৩ দোয়া সবসময় করবেন

মা-বাবার জন্য ৩ দোয়া সবসময় করবেন
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত
  • Author, জাগরণ নিউজ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

মা বাবার জন্য দোয়া করতে পারা নিঃসন্দেহে বড় সৌভাগ্যের বিষয়। কেবল সুসন্তানরাই মা বাবার অবদান ভুলে যান না এবং তাঁদের আদর যত্ন আজীবন স্মরণে রাখেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ‘আমি মানুষকে তার মা বাবার সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে। আর তার দুধ ছাড়ানো হয় দুই বছরে; সুতরাং আমার শুকরিয়া ও তোমার মা বাবার শুকরিয়া আদায় করো।’ (সুরা লুকমান: ১৪)

সন্তানের উচিত প্রত্যেক নামাজের পর দু হাত তুলে মা বাবার জন্য দোয়া করা। সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা মা বাবার নেয়ামত ও সুখ শান্তি বৃদ্ধি করে দেন। এ বিষয়ে হাদিসে এসেছে, ‘মানুষের মৃত্যুর পর তার মর্যাদা বৃদ্ধি করা হয়। তখন সে বলে, হে প্রভু! এটা কী জিনিস? তাকে বলা হয়, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে’। (আল আদাবুল মুফরাদ: ৩৬)

আরেক হাদিসে রাসুলুল্লাহ (স.) বলেন, ‘মানুষ মৃত্যু বরণ করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল কখনো বন্ধ হয় না। ১) সাদকায়ে জারিয়া (এমন দান অনুদান; যার সওয়াব চলমান থাকে) ২) এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয় এবং ৩) নেক সন্তান যে তার মৃত বাবা মায়ের জন্য সবসময় দোয়া এবং আমল করে।’ (মুসলিম: ৪৩১০)

নিচে মা বাবার জন্য পবিত্র কোরআনে বর্ণিত তিনটি দোয়া তুলে ধরা হলো।

১. প্রশান্তির দোয়া
رَبِّ ٱرۡحَمۡهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرٗا
উচ্চারণ: ‘রাব্বির হামহুমা, কামা রাব্বায়ানি সাগিরা।’
অর্থ: ‘হে আমার প্রতিপালক, তাদের উভয়ের প্রতি রহম করো; যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন।’
(সুরা বনি ইসরাইল: ২৪)

২. ক্ষমা প্রার্থনার দোয়া
رَبَّنَا ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِلۡمُؤۡمِنِينَ يَوۡমَ يَقُومُ ٱلۡحِسَابُ
উচ্চারণ: ‘রাব্বানাগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, ওয়ালিল মু’মিনিনা ইয়াওমা ইয়াক্বুমুল হিসাব।’
অর্থ: ‘হে আমাদের প্রতিপালক! রোজ কেয়ামতে আমাকে, আমার পিতা মাতা ও সকল মুমিনকে ক্ষমা করুন।’
(সুরা ইবরাহিম: ৪১)

৩. মা বাবাসহ সব মুমিনের জন্য দোয়া
رَّبِّ ٱغۡفِرۡ لِي وَلِوَٰলِدَيَّ وَلِمَن دَخَلَ بَيۡتِيَ مُؤۡمِنٗا وَلِلۡমُؤۡমِنِينَ وَٱلۡমُؤۡমِنَٰتِۖ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا تَبَارَۢا
উচ্চারণ: ‘রাব্বিগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, ওয়া লিমান দাখালা বাইতিয়া মু’মিনাও ওয়ালিল মু’মিনিনা ওয়াল মু’মিনাত। ওয়ালা তাজিদিজ জা লিমিনা ইল্লা তাবারা।’
অর্থ: ‘হে আমার রব! আমাকে, আমার পিতা মাতাকে, যে আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী পুরুষদের ক্ষমা করুন এবং আপনি জালিমদের ধ্বংস ছাড়া আর কিছুই বাড়িয়ে দেবেন না।’
(সুরা নুহ: ২৮)

অতএব, সুসন্তান হিসেবে আমাদের উচিত বাবা মায়ের জন্য বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআনে বর্ণিত এই দোয়াগুলো নিয়মিত করার তাওফিক দান করেন। আমিন।


সম্পর্কিত নিউজ