{{ news.section.title }}
‘আত্তাহিয়্যাতু’র উচ্চারণ ও অর্থসহ ফজিলত কী?
- Author, জাগরণ নিউজ ডেস্ক
- Role, জাগরণ নিউজ বাংলা
-
নামাজ ফরজ ইবাদত। এ ইবাদতের ভেতরে ও বাইরে এমন কিছু আমল রয়েছে, যেগুলো যথাযথভাবে আদায় করাও ফরজ বা আবশ্যক। নামাজের মধ্যে দুই রাকাআত পর পর বৈঠকে বসাও এমন একটি গুরুত্বপূর্ণ আমল। নামাজে দুই রাকাআত পর পর বসাকে তাশাহহুদ বলা হয়।
প্রত্যেক বৈঠকে তাশাহহুদ পড়া ওয়াজিব। কিন্তু বাস্তবে দেখা যায়, অনেকের তাশাহহুদ সহিহ নয়। আবার অনেকেই তাশাহহুদের অর্থ ও ফজিলত সম্পর্কে জানেন না। তাই বাংলায় উচ্চারণ ও অর্থসহ তাশাহহুদ তুলে ধরা হলো-
التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
উচ্চারণ: আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-ত্বায়্যিবাতু; আস-সালামু আলাইকা আইয়্যুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ; আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিছ ছালিহীন; আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।
অর্থ: সব মৌখিক ইবাদত আল্লাহর জন্য। হে নবি, আপনার ওপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। শান্তি বর্ষিত হোক আমাদের ওপর এবং আল্লাহর সব নেক বান্দার ওপর। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল।
তাশাহহুদ পড়ার ফজিলত সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পেছনে নামাজ আদায় করতাম, তখন বলতাম- আসসালামু আলা জিবরিলা ওয়া মিকালা এবং আসসালামু আলা ফুলান ওয়া ফুলান। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ নিজেই তো শান্তির উৎস। তাই যখন তোমাদের কেউ নামাজ আদায় করবে, তখন সে যেন বলে-
التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ
কারণ, যখন তোমরা এটি বলবে, তখন আসমান ও জমিনে থাকা আল্লাহর সব নেক বান্দার কাছে সেই সালাম পৌঁছে যাবে। এরপর এর সঙ্গে তোমরা এই সাক্ষ্যও পাঠ করবে-
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ।
সুতরাং মুমিন মুসলমানের উচিত, নামাজের বৈঠকে পড়ার জন্য তাশাহহুদ সহিহভাবে শেখা। যদি বাংলা উচ্চারণে দুর্বলতা থাকে, তবে অবশ্যই কোনো আরবি জানা ব্যক্তির কাছ থেকে শুদ্ধভাবে শিখে নেওয়া। কারণ তাশাহহুদের মধ্যে রয়েছে আল্লাহর একত্বের সাক্ষ্য, নবির প্রতি শান্তি ও রহমতের দোয়া এবং নিজের ও সব নেক বান্দার জন্য কল্যাণ কামনা- যা আদায় না করলে একজন মুমিন এসব ফজিলত থেকে বঞ্চিত হয়।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথভাবে তাশাহহুদ শেখা ও সহিহভাবে পড়ার তাওফিক দান করুন। তাশাহহুদের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের শান্তি ও রহমত লাভ করার তাওফিক দান করুন। হাদিস অনুযায়ী তাওহিদের সাক্ষ্যের ওপর আমল করার শক্তি দান করুন। আমিন।