নবম পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

নবম পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর
ছবির ক্যাপশান, প্রতীকী এআই জেনারেটেড ছবি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি প্রায় চূড়ান্ত করেছে সরকার। আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটে এ খাতে প্রায় ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রায় এক যুগ পর নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার খবরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ও প্রত্যাশা তৈরি হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিচার বিভাগ এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা নতুন বেতন কাঠামোর আওতায় বর্ধিত বেতনের ৫০ শতাংশ সুবিধা পাবেন। তবে একসঙ্গে পুরো নবম পে-স্কেল বাস্তবায়ন না করে তিন ধাপে এটি কার্যকর করার কৌশল নিয়েছে সরকার।

 

সরকারি সূত্র বলছে, অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত নবম পে-কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা হচ্ছে না। কমিশনের বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করে বর্তমান সরকারের গঠিত সচিব কমিটি বেশ কিছু সুপারিশে কাটছাঁট করেছে। বিশেষ করে বিভিন্ন ভাতা ও অতিরিক্ত সুবিধা বৃদ্ধির প্রস্তাবের বড় অংশই আপাতত স্থগিত বা সীমিত করা হয়েছে।

 

সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে আগামী জুলাই থেকে নতুন বেসিক বেতনের অর্ধেক কার্যকর হবে। এরপর পরবর্তী অর্থবছরে বাকি অর্ধেক বেসিক যুক্ত করা হবে। আর ২০২৮-২০২৯ অর্থবছরে পর্যায়ক্রমে বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

 

পে-কমিশনের রিপোর্ট তৈরির সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানিয়েছেন, কমিশনের মূল সুপারিশ অনুযায়ী পুরো বেসিক একসঙ্গে বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রায় ৪৩ হাজার কোটি টাকা প্রয়োজন হতো। তবে বর্তমানে সরকারি চাকরিজীবীরা যে ১০ শতাংশ মহার্ঘভাতা পাচ্ছেন, সেটি নতুন বেতনের সঙ্গে সমন্বয় করা হবে। ফলে অতিরিক্ত ব্যয়ের চাপ কিছুটা কমে প্রায় ৩৭ হাজার কোটি টাকায় নেমে এসেছে।

 

অন্যদিকে সচিব কমিটির প্রতিবেদনে পে-কমিশনের ব্যয় প্রাক্কলনও কমিয়ে আনা হয়েছে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশন পুরো পে-স্কেল বাস্তবায়নে এক লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছিল। তবে বর্তমান কমিটি তা কমিয়ে প্রায় ৯০ হাজার কোটি টাকায় নামিয়ে এনেছে বলে জানা গেছে।

 

এছাড়া উচ্চপদস্থ কর্মকর্তা ও সচিবদের কুক, মালি, গাড়ি ও অন্যান্য আনুষঙ্গিক ভাতার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন না আনার সুপারিশ করা হয়েছে। অর্থনৈতিক চাপ ও রাজস্ব ঘাটতির বাস্তবতায় সরকার তুলনামূলক নিয়ন্ত্রিত কাঠামোতে পে-স্কেল বাস্তবায়নের পথেই হাঁটছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল ঘোষণা করা হয়েছিল। এরপর দীর্ঘ ১১ বছর নতুন কোনো পে-স্কেল কার্যকর হয়নি। এর মধ্যে দেশে দ্রব্যমূল্য, বাসাভাড়া, চিকিৎসা ব্যয় ও জীবনযাত্রার খরচ কয়েকগুণ বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন বেতন কাঠামোর দাবি জোরালো হয়ে ওঠে।

 

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তী সরকার নতুন পে-কমিশন গঠন করে। পরে চলতি বছরের ২১ জানুয়ারি কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে জমা দেয়। এরপর বিভিন্ন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও নীতিনির্ধারণী পর্যায়ে দীর্ঘ পর্যালোচনার পর এখন বাস্তবায়নের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

কমিশনের সুপারিশ অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে সর্বনিম্ন স্তরে বেতন বাড়বে প্রায় ১৪২ দশমিক ৪২ শতাংশ এবং সর্বোচ্চ স্তরে বাড়বে প্রায় ১০৫ দশমিক ১২ শতাংশ।

 

প্রস্তাবিত কাঠামোতে মোট ২০টি গ্রেড রাখা হয়েছে। বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধির পাশাপাশি বেশ কিছু নতুন সুবিধার সুপারিশও করেছে কমিশন। এর মধ্যে প্রতিবন্ধী সন্তান থাকা কর্মচারীদের জন্য মাসিক ২ হাজার টাকা ভাতা, ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা এবং বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সুপারিশ উল্লেখযোগ্য।

 

এছাড়া অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের পেনশনও উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে প্রায় ১৪ লাখ কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ৯ লাখ পেনশনভোগী এই নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন বলে ধারণা করা হচ্ছে।

 

অর্থনীতিবিদদের মতে, নতুন পে-স্কেল বাস্তবায়ন একদিকে যেমন সরকারি চাকরিজীবীদের ক্রয়ক্ষমতা বাড়াবে, অন্যদিকে বাজারে অর্থপ্রবাহও বাড়তে পারে। তবে একই সঙ্গে মুদ্রাস্ফীতির ওপর এর প্রভাব কী হতে পারে, সেটিও সরকারকে সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে।


সম্পর্কিত নিউজ