ট্রেনে ঈদ যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি শুরু

ট্রেনে ঈদ যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি শুরু
ছবির ক্যাপশান, জাগরণ ছবি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে।

এরই মধ্যে বাংলাদেশ রেলওয়ে ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে। আজ রবিবার (১৭ মে) বিক্রি হচ্ছে ২৭ মে যাত্রার আন্তঃনগর ট্রেনের টিকিট।

 

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীসেবার সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। টিকিট ছাড়ার পর থেকেই অনলাইন প্ল্যাটফর্মে যাত্রীদের ব্যাপক চাপ দেখা গেছে। অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত টিকিট পাননি বলে জানিয়েছেন।

 

ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে বিশেষ কর্মপরিকল্পনার আওতায় ধাপে ধাপে অগ্রিম টিকিট বিক্রি করছে। এর আগে ২৩ মে যাত্রার টিকিট বিক্রি হয়েছে ১৩ মে, ২৪ মে’র টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে এবং ২৬ মে’র টিকিট বিক্রি হয়েছে ১৬ মে। আজকের মাধ্যমে ঈদের আগে নির্ধারিত পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রির মূল কার্যক্রম শেষ হচ্ছে।

 

রেলওয়ে সূত্র জানিয়েছে, ঈদে ঘরমুখো যাত্রীর চাপ সামাল দিতে বিশেষ নজরদারি ব্যবস্থা রাখা হয়েছে। কালোবাজারি ও অনিয়ম ঠেকাতে এবারও শুধুমাত্র অনলাইনে টিকিট বিক্রি করা হচ্ছে। একই সঙ্গে একজন যাত্রী সর্বোচ্চ একবার অগ্রিম টিকিট কিনতে পারবেন এবং প্রতি লেনদেনে সর্বোচ্চ চারটি টিকিট কেনার সুযোগ থাকছে। এছাড়া ঈদের অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না বলেও স্পষ্ট নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

 

রেলওয়ে কর্মকর্তারা বলছেন, প্রতি বছর ঈদকে কেন্দ্র করে ট্রেনে যাত্রীর চাপ কয়েকগুণ বেড়ে যায়। বিশেষ করে ঢাকা থেকে উত্তরবঙ্গ, খুলনা ও চট্টগ্রামমুখী ট্রেনগুলোতে টিকিটের চাহিদা সবচেয়ে বেশি থাকে। এবারও একই চিত্র দেখা যাচ্ছে। টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই অধিকাংশ জনপ্রিয় ট্রেনের আসন শেষ হয়ে যাচ্ছে। এদিকে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে যাত্রার টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে। রেলওয়ে জানিয়েছে, চাঁদ দেখার পর ঈদের সম্ভাব্য তারিখ অনুযায়ী পরবর্তী সূচি প্রকাশ করা হবে।

 

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের পাশাপাশি স্টেশন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যাত্রীদের সময়মতো স্টেশনে উপস্থিত হওয়া এবং অনলাইন টিকিট সংক্রান্ত তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।


সম্পর্কিত নিউজ