{{ news.section.title }}
আজ ঢাকাসহ যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি রক্ষণাবেক্ষণ, উন্নয়নমূলক কার্যক্রম এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও স্থিতিশীল করতে আজ বুধবার (১৩ মে) রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি এলাকায় কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।
এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জানিয়েছে, ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারে জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলোর মধ্যে রয়েছে-হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ী (আংশিক), দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী এলাকা, নোমানিয়া মাদরাসা এলাকা, ইকবাল নগর এবং গোলামবাজার মহিলা মাদরাসা এলাকা।
সংস্থাটি জানিয়েছে, হাবিবনগর ফিডারের বর্তমান পিক লোড প্রায় চার মেগাওয়াটে পৌঁছেছে, যা স্বাভাবিক সক্ষমতার তুলনায় বেশি। ফলে অনেক সময় গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সমস্যা তৈরি হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় ফিডারটির লোড বিভাজন করে নতুন ফিডার নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নতুন ফিডার চালু হলে বিদ্যুতের চাপ কমবে, সিস্টেম লস হ্রাস পাবে এবং গ্রাহকরা আরও স্থিতিশীল ও মানসম্মত বিদ্যুৎ সেবা পাবেন। একই সঙ্গে ভবিষ্যতে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও কমে আসবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, রাজশাহীতেও কয়েকটি এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের ঘোষণা দিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জানানো হয়েছে, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের শাখা-প্রশাখা কাটার কাজ করা হবে। এ কারণে বুধবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় এ সময় বিদ্যুৎ থাকবে না, সেগুলোর মধ্যে রয়েছে-দেওয়ানপাড়া ফিডারের আওতাধীন গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ, শ্যামপুর মধ্যপাড়া, শ্যামপুর নগরপাড়া এবং শ্যামপুর পানিশোধনাগার এলাকা।
নেসকো জানিয়েছে, বর্ষা মৌসুম ও ঝড়ো আবহাওয়ায় বিদ্যুৎ লাইনের ওপর গাছের ডালপালা পড়ে দুর্ঘটনা বা বড় ধরনের বিভ্রাট এড়াতে আগাম এই কাজ করা হচ্ছে। ঈদের সময় যাতে গ্রাহকরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পান, সে লক্ষ্যেই প্রস্তুতিমূলক কার্যক্রম চালানো হচ্ছে।
সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করারও আশ্বাস দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এমন রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম চালানো হচ্ছে, যাতে ভবিষ্যতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও আধুনিক, নিরাপদ ও টেকসই করা যায়।