ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিসহ ২ কয়েদির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিসহ ২ কয়েদির মৃত্যু
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) মানবতা বিরোধী মামলার এক সাজাপ্রাপ্ত বন্দিসহ ২ কয়েদির মৃত্যু হয়েছে। মৃত বন্দিরা হলেন হবিগঞ্জ জেলার বাসিন্দা জাহিদ মিয়া (৭৫) এবং আনিস (৬২)। তারা দুজনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা কর্তৃপক্ষের তথ্যমতে, মানবতাবিরোধী মামলায় সাজাপ্রাপ্ত কয়েদি মো. জাহিদ মিয়া (৭৫) গত ২২ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

মৃত বন্দি মো. জাহিদ মিয়ার বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে। তার বাবা মরহুম আশিক উল্লাহ। জানা যায় ২০১৭ সালের নভেম্বরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

অপরদিকে বন্দি আনিসকে গত ২৪ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ২১৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, আনিসের বাবার নাম চেরাগ আলী। তবে তার স্থায়ী ঠিকানা ও তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 


সম্পর্কিত নিউজ