{{ news.section.title }}
একনেকে ১৫ হাজার কোটি টাকার ১৭টি প্রকল্প অনুমোদন
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। সরকারের নিজস্ব অর্থায়ন থেকে বরাদ্দ দেওয়া হয়েছে ৯ হাজার ৪৫১ কোটি ৮৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৬০৯ কোটি ৭০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা। প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন পায়।
সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১২টি নতুন এবং ৫টি সংশোধিত প্রকল্প।
কৃষি মন্ত্রণালয়ের অধীনে অনুমোদিত দুই প্রকল্প হলো: ‘চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন’ এবং ‘মানসম্পন্ন বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ (২য় সংশোধিত)’। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রকল্প দুইটি হলো: ৩টি অনুসন্ধান কূপ (শ্রীকাইল ডিপ-১, মোবারকপুর ডিপ-১ ও ফেঞ্চুগঞ্জ সাউথ-১) খনন এবং ‘সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ’।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তিন প্রকল্পের মধ্যে রয়েছে: মিরপুর ৯ নম্বর সেকশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-২০২৪ এ কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধাদের জন্য ১ হাজার ৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ; ‘৩৬ জুলাই’ নামে শহীদ পরিবারের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ; এবং সচিবালয়, পরিবহনপুল ও মিনিস্টার্স অ্যাপার্টমেন্টের অগ্নিনিরাপত্তা আধুনিকায়ন প্রকল্প।
সেতু মন্ত্রণালয়ের অনুমোদিত দুই প্রকল্প হলো: ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (লাইন-৬) (৩য় সংশোধিত) এবং সিরাজগঞ্জ–রায়গঞ্জ জেলা মহাসড়ক উন্নয়ন। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ‘নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রিজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট’, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র (২য় সংশোধন)’ এবং অর্থ মন্ত্রণালয়ের ‘জেডিএস (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্প অনুমোদিত হয়।
এ ছাড়া আইসিটি মন্ত্রণালয়ের ‘ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন’ প্রকল্প এবং শিক্ষা মন্ত্রণালয়ের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ও গবেষণাগার নির্মাণকাজ সমাপ্তির প্রকল্পও অনুমোদন পাওয়া ১৭টির মধ্যে রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তিন প্রকল্প: জলবায়ু–সহনশীল জনস্বাস্থ্যসেবা উন্নয়ন, মুন্সিগঞ্জে অত্যাবশ্যকীয় বায়োটেক গবেষণা কেন্দ্র স্থাপন এবং স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থার কার্যক্রম বাস্তবায়ন সভায় অনুমোদিত হয়।
এদিকে, পরিকল্পনা উপদেষ্টার পূর্ব অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১৫টি প্রকল্প সভায় অবহিত করা হয়েছে।