সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বাসায় দ্বিতীয় দিনের অভিযান দুদকের

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বাসায় দ্বিতীয় দিনের অভিযান দুদকের
ছবির ক্যাপশান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানের ফ্ল্যাটে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধার হওয়া সামগ্রীর তালিকা (ইনভেন্টরি) তৈরির কাজ চলমান রয়েছে। আগের দিনের অভিযানে ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ বিলাসবহুল সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২০ জুলাই) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, দুদকের উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযানে অংশ নিয়েছে। আদালতের নির্দেশনা অনুসারে দ্বিতীয় দিনের মতো উদ্ধার হওয়া সামগ্রীর তালিকা প্রস্তুতের কাজ চলছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি।

 

দুদকের তথ্য অনুযায়ী, রোববার পরিচালিত অভিযানে গুলশানের ফ্ল্যাটে প্রবেশ করে ইনভেন্টরি কার্যক্রম পরিচালনার সময় বিপুল পরিমাণ মূল্যবান ও বিলাসবহুল সামগ্রী পাওয়া যায়।

 

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ৩০০টির বেশি কোট, ৫৩২টির বেশি টাই, আটটি ঘড়ির বক্স, যার মধ্যে চারটি রোলেক্স ব্র্যান্ডের। এছাড়া তিন সেট মুক্তার গয়না, চারটি ঝাড়বাতি, একটি বেড, একটি সোফা এবং প্রায় ১০০টি কামিজ উদ্ধার করা হয়েছে।

 

দুদক আরও জানিয়েছে, বাসা থেকে উদ্ধার হওয়া রোলেক্স ঘড়িগুলোর ক্রয় রসিদ পর্যালোচনা করে দেখা গেছে, প্রতিটি ঘড়ির মূল্য ১৪ হাজার থেকে ১৭ হাজার ৫০০ মার্কিন ডলারের মধ্যে হতে পারে। তবে এসব সম্পদের মালিকানা, উৎস এবং বৈধতা অনুসন্ধানের অংশ হিসেবে যাচাই করা হচ্ছে।

 

ক্ষমতার পরিবর্তনের পর সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ে দুদক, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সমন্বয়ে সাত সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছিল।

 

পরবর্তীতে টিম লিডারের বদলির কারণে তদন্ত দল পুনর্গঠন করা হয়। সর্বশেষ ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে নয় সদস্যের একটি দল অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
 


সম্পর্কিত নিউজ