{{ news.section.title }}
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭১ জনের শরীরে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে। তবে মারা যাওয়া শিশুদের কারও শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ২ জন এবং সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৬ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৭৭৯ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একই সময়ে নতুন করে ১৯৭ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে। পাশাপাশি আরও ৯৭৪ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সব মিলিয়ে গত একদিনে আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭১ জনে।
এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনের মধ্যে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৪ হাজার ১০৪ জনের শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে, আর বাকিদের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৯৭ হাজার ৯১৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৪ হাজার ২৭৫ জন ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীদের চিকিৎসা চলছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিশুদের মধ্যে টিকাদানের ঘাটতি, দ্রুত সংক্রমণ এবং সময়মতো চিকিৎসা না পাওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। তারা অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়েই হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে হাম পরিস্থিতির ওপর নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি আক্রান্তদের শনাক্তকরণ, চিকিৎসা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় শিশুদের টিকাদান কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।