সৌদি আরবে ঈদ কবে, জানা যাবে রোববার

সৌদি আরবে ঈদ কবে, জানা যাবে রোববার
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে নির্ধারিত হবে এবারের ঈদুল আজহার তারিখ। এ উপলক্ষে আগামী রোববার (১৭ মে) সন্ধ্যায় সাধারণ মানুষকে আকাশে চাঁদ খোঁজার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট।

শুক্রবার প্রকাশিত এক ঘোষণায় আদালত জানায়, রোববার সৌদি আরবে জিলকদ মাসের ২৯তম দিন। ওইদিন সন্ধ্যায় কেউ জিলহজ মাসের নতুন চাঁদ দেখতে পেলে যেন নিকটস্থ চাঁদ দেখা কমিটি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করেন।

 

চাঁদ দেখা গেলে সোমবার (১৮ মে) থেকে সৌদি আরবে পবিত্র জিলহজ মাস শুরু হবে। সে হিসেবে আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। তবে রোববার চাঁদ দেখা না গেলে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে। সেক্ষেত্রে মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস শুরু হবে এবং ঈদুল আজহা পালিত হবে ২৮ মে।

 

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাব অনুযায়ী রোববার বিশ্বের বিভিন্ন অঞ্চলে জিলহজের নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংস্থাটির তথ্যমতে, পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চলে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা সম্ভব হতে পারে। অন্যদিকে মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার অধিকাংশ অঞ্চলে খালি চোখেও চাঁদ দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ বলেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনাই বেশি। সে অনুযায়ী আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিলও জানিয়েছে, ১৭ মে সন্ধ্যায় ১৪৪৭ হিজরির জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করা হবে। এ কাজে আধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের সহায়তা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

 

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ জ্যোতির্বিজ্ঞানভিত্তিক পূর্বাভাস ব্যবহার করলেও আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার সাক্ষ্য ও শরিয়াভিত্তিক সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসেবে বিবেচনা করা হয়। তাই সব পূর্বাভাসের পরও চূড়ান্ত ঘোষণা আসবে সৌদি সুপ্রিম কোর্টের পক্ষ থেকেই।

 

ইসলামি ক্যালেন্ডারে জিলহজ মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ মাসেই বিশ্বের লাখো মুসলমান পবিত্র হজ পালন করেন। জিলহজের ৯ তারিখ পালিত হয় পবিত্র আরাফাত দিবস, যা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত। এর পরদিন অর্থাৎ ১০ জিলহজ উদযাপিত হয় মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা।

 

ঈদুল আজহাকে ত্যাগের উৎসব হিসেবে দেখা হয়। হজরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের স্মরণে মুসলমানরা পশু কোরবানি করেন এবং সেই মাংস আত্মীয়স্বজন ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করেন। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশ সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ উদযাপন করে থাকে। ফলে সৌদিতে ২৭ মে ঈদ হলে বাংলাদেশে ২৮ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


সম্পর্কিত নিউজ