এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবে ক্লিনটন দম্পতি

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবে ক্লিনটন দম্পতি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সম্প্রতি বিশ্বজুড়ে আলোচনার বিষয় এপস্টেইন ফাইলের কুখ্যাত যৌন অপরাধী মৃত জেফ্রি এপস্টেইন এর কংগ্রেসীয় তদন্তে সাক্ষ্য দেবেন বলে সম্মত হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিল ক্লিনটনের ডেপুটি চিফ অব স্টাফ অ্যাঞ্জেল উরেনা সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
সোশ্যাল মিডিয়া এক্স-এ তিনি লেখেন, সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী তদন্ত কমিটির সামনে উপস্থিত হবেন।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, তারা (ক্লিনটন কাপল) সদিচ্ছার ভিত্তিতে আলোচনা করেছেন এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য একটি দৃষ্টান্ত স্থাপনের প্রত্যাশা করছেন।

এমন এক সময়ে এই ঘোষণা আসে যখন রিপাবলিকান নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ক্লিনটন দম্পতিকে আইনি তলব অমান্যের অভিযোগে 'ক্রিমিনাল কনটেম্পট' ঘোষণার বিষয়ে ভোটাভুটি করতে পারে বলে আলোচনা চলছিলো।

উল্লেখ্য, মার্কিন বিচার বিভাগ প্রকাশিত এপস্টেইন ফাইলে বিল ক্লিনটনের ছবি থাকলেও তিনি কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তবে রিপাবলিকান নেতৃত্বাধীন হাউস ওভারসাইট কমিটি জানুয়ারির শেষ দিকে ক্লিনটন দম্পতিকে অবমাননার অভিযোগে অভিযুক্ত করার প্রস্তাব অনুমোদন করে। কয়েকজন ডেমোক্র্যাট সদস্য এতে সমর্থন দেয়।

এ বিষয়ে ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কোমার বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে 'আইনের ঊর্ধ্বে কেউ নয়'।

এর আগে তিনি জানিয়েছিলেন, ক্লিনটন দম্পতিকে তলবের সিদ্ধান্ত দ্বিদলীয়ভাবে অনুমোদিত হয়েছিল। তবে দীর্ঘসময় ধরে যোগাযোগ করলেও তাদের আইনজীবীরা বারবার সময়ক্ষেপণ করেছে।

এদিকে ক্লিনটন দম্পতির আইনজীবীরা কমিটির এই তলবকে 'কার্যকরযোগ্য নয়' দাবি করে জানান, এপস্টেইন বিষয়ে তাদের কাছে থাকা 'সীমিত তথ্য' ইতিমধ্যে দেওয়া হয়েছে।
আইনজীবীরা আরও বলেন, এই আইনি তলব রাজনৈতিক প্রতিপক্ষকে বিব্রত করার কৌশল ছাড়া কিছু নয়।

এদিকে আরও দাবি করা হচ্ছে যে, এপস্টেইনের নির্যাতনের শিকারদের কেউ বিল ক্লিনটনের বিরুদ্ধে অভিযোগ তোলেননি কখনো।
আবার এপস্টেইনের অপরাধ সম্পর্কে জানতেন, এই অভিযোগও ক্লিনটন বরাবরই অস্বীকার করে আসছেন।

এপস্টেইন ফাইলে প্রকাশিত ছবিগুলোতে বিল ক্লিনটনকে এপস্টেইনের সঙ্গে তার মালিকানাধীন একটি সম্পত্তিতে দেখা যায়। একটি ছবিতে তাকে সুইমিং পুলে দেখা যায়। আবার আরেকটি ছবিতে হট টাবের মতো স্থানে শুয়ে থাকতে দেখা যায়।
এ বিষয়ে ক্লিনটন মুখপাত্র উরেনা জানান যে ছবিগুলো অনেক পুরোনো এবং এপস্টেইনের অপরাধ প্রকাশ্যে আসার আগেই ক্লিনটন তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন।e


সম্পর্কিত নিউজ