{{ news.section.title }}
পশ্চিমবঙ্গে বিজেপি শতাধিক আসনে এগিয়ে, তৃণমূল কত আসনে আছে?
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা ঘিরে সোমবার সকাল থেকেই রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে কলকাতাসহ ২৩ জেলার ৭৭টি গণনাকেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হয়। নিয়ম অনুযায়ী শুরুতে পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হচ্ছে। এরপর ধাপে ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিনে নেওয়া ভোটের ফল যোগ করা হবে।
এবার পশ্চিমবঙ্গ বিধানসভার মোট ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টির ফল গণনা করা হচ্ছে। অনিয়মের অভিযোগ ওঠায় একটি আসনের ভোটগ্রহণ বাতিল করেছে ভারতের নির্বাচন কমিশন। ফলে ওই আসনের ফল আজ প্রকাশ হচ্ছে না। পরবর্তী সময়ে সেখানে পুনর্ভোট ও আলাদা করে গণনা অনুষ্ঠিত হবে।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের আগেই রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছিল। গণনার শুরুতেও সেই প্রতিদ্বন্দ্বিতার চিত্র দেখা যাচ্ছে। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক প্রবণতায় বিজেপি এগিয়ে আছে ১০৩ আসনে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৮২ আসনে। তবে এগুলো প্রাথমিক হিসাব; ইভিএমের পূর্ণাঙ্গ গণনা শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত ফল সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
এবারের নির্বাচন পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস টানা আরেক মেয়াদে ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়ে নির্বাচনে লড়ছে। অন্যদিকে বিজেপি দীর্ঘদিনের বিরোধী অবস্থান ভেঙে রাজ্যে সরকার গঠনের লক্ষ্য নিয়ে প্রচার চালিয়েছে। ফলে প্রাথমিক ফলের প্রবণতা নিয়েই দুই শিবিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
গণনাকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের নজরদারিতে ভোট গণনা চলছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ধাপ নিয়ম মেনে সম্পন্ন করা হবে এবং আসনভিত্তিক ফল পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। ভোটের ফল ঘিরে যাতে কোনো ধরনের উত্তেজনা বা বিশৃঙ্খলা তৈরি না হয়, সে জন্য গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বড় ব্যবধানে জয়ী হয়ে ক্ষমতায় ফিরেছিল। বিজেপি তখন প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসে। তবে এবারের প্রাথমিক প্রবণতায় বিজেপির শক্ত অবস্থান দেখা যাচ্ছে। যদিও রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, পোস্টাল ব্যালট ও প্রাথমিক রাউন্ডের প্রবণতা অনেক সময় পরে বদলে যায়। তাই পশ্চিমবঙ্গের ক্ষমতার চূড়ান্ত সমীকরণ জানতে আরও কয়েক দফা গণনার ফলের অপেক্ষা করতে হবে।