তামিলনাড়ুতে ১০৬ আসনে এগিয়ে বিজয়ের দল

তামিলনাড়ুতে ১০৬ আসনে এগিয়ে বিজয়ের দল
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোটগণনায় বড় চমক দেখাচ্ছে অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগম বা টিভিকে। সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাওয়া প্রাথমিক প্রবণতায় দলটি ১০৬ আসনে এগিয়ে আছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। তবে ভোটগণনা এখনো চলমান থাকায় আসনভিত্তিক লিড যেকোনো সময় বদলে যেতে পারে।

এবার তামিলনাড়ু বিধানসভার ২৩৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত ২৩ এপ্রিল। সোমবার সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হয়। নিয়ম অনুযায়ী প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইভিএমের ভোট গণনা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর লাইভ আপডেটে বলা হয়েছে, বহু দশক ধরে ডিএমকে ও এআইএডিএমকে ঘিরে আবর্তিত তামিল রাজনীতিতে এবার বিজয়ের টিভিকে শক্তিশালী তৃতীয় পক্ষ হিসেবে আত্মপ্রকাশ করেছে।

 

তামিল সিনেমার জনপ্রিয় তারকা জোসেফ বিজয়, যিনি ভক্তদের কাছে থালাপতি বিজয় নামে পরিচিত, ২০২৪ সালে রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেন। তার দল টিভিকে প্রথমবার বিধানসভা নির্বাচনে অংশ নিয়েই শক্ত অবস্থান তৈরি করায় রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার ইঙ্গিত মিলছে। নির্বাচনের আগে ধারণা করা হচ্ছিল, প্রধান লড়াই হবে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ডিএমকে জোট এবং এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএ জোটের মধ্যে। কিন্তু গণনার প্রাথমিক প্রবণতা সেই হিসাবকে অনেকটাই পাল্টে দিয়েছে।

 

সবচেয়ে বড় আলোচনায় এসেছে কোলাথুর আসন। এই আসন থেকে ২০১১, ২০১৬ ও ২০২১ সালে জিতেছিলেন ডিএমকে নেতা ও মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। কিন্তু এবার গণনার শুরুতে তিনি পিছিয়ে পড়েছেন টিভিকে প্রার্থী ভি এস বাবুর কাছে। টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, তিন রাউন্ড গণনার পর বাবু ১২ হাজার ৯১৭ ভোট পেয়ে স্ট্যালিনের চেয়ে ২ হাজার ২৭৮ ভোটে এগিয়ে ছিলেন।

 

বিজয় নিজেও নির্বাচনে একাধিক আসন থেকে লড়ছেন। এনডিটিভির আগের প্রতিবেদনে বলা হয়েছিল, তিনি চেন্নাইয়ের পেরাম্বুর এবং তিরুচিরাপল্লি ইস্ট আসন থেকে প্রার্থী হয়েছেন। প্রাথমিক প্রবণতায় বিজয় পেরাম্বুরে এগিয়ে আছেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

 

টিভিকে নেতা ফেলিক্স জেরাল্ড দাবি করেছেন, বিজয় কারও সমর্থন ছাড়াই তামিলনাড়ুতে সরকার গঠনে আত্মবিশ্বাসী। তার বক্তব্য, রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে এবং সেই পরিবর্তনের প্রতীক হিসেবে টিভিকেকে দেখছে। তবে সরকার গঠনের জন্য দরকার ১১৮ আসন। ফলে টিভিকে শেষ পর্যন্ত একক সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি যেতে পারে কি না, তা জানতে আরও কয়েক দফা গণনার ফলের অপেক্ষা করতে হবে।

 

২০২১ সালের নির্বাচনে ডিএমকে নেতৃত্বাধীন জোট ১৫৯ আসন জিতে ক্ষমতায় আসে। ডিএমকে একাই পেয়েছিল ১৩৩ আসন। অন্যদিকে এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছিল ৭৫ আসন, যার মধ্যে এআইএডিএমকের ছিল ৬৬টি। এবার টিভিকের উত্থান সেই পুরোনো দুই মেরুর রাজনীতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তামিলনাড়ুর এই নির্বাচন শুধু সরকার গঠনের লড়াই নয়; এটি বিজয়ের রাজনৈতিক গ্রহণযোগ্যতারও বড় পরীক্ষা। সিনেমার জনপ্রিয়তা ভোটে কতটা রূপ নেয়-এ প্রশ্নের উত্তর আজকের ফলাফল থেকেই পরিষ্কার হবে। প্রাথমিক প্রবণতা টিভিকের পক্ষে হলেও চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত তামিলনাড়ুর ক্ষমতার সমীকরণ নিয়ে নিশ্চিত মন্তব্য করা যাচ্ছে না।


সম্পর্কিত নিউজ