{{ news.section.title }}
রাবিতে গ্রীন ভয়েসের ফায়ার সেফটি ও ফার্স্ট এইড প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের অগ্নিকাণ্ড প্রতিরোধ ও জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়াতে “Fire Safety and First Aid” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস রাবি শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট (জামাল নজরুল ইসলাম ভবন) এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক প্রশিক্ষক মো. সাখাওয়াত হোসেন। তিনি অগ্নিকাণ্ডের সময় করণীয়, আগুন প্রতিরোধের কৌশল এবং জরুরি মুহূর্তে প্রাথমিক চিকিৎসা প্রদানের বিভিন্ন দিক হাতে-কলমে প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন।
গ্রীন ভয়েসের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আরিফ ইসলামের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা কনক আমিরুল ইসলাম এবং পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ড. গোলাম মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবিব।
প্রশিক্ষণে অগ্নিকাণ্ডে তাৎক্ষণিক করণীয়, আগুনের ঝুঁকি কমানোর উপায় এবং দুর্ঘটনায় আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদানের বাস্তবধর্মী কৌশল তুলে ধরা হয়। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থী শাহানাজ আশরাফি বলেন, সরাসরি অনুশীলনের মাধ্যমে জীবন রক্ষাকারী বিভিন্ন দক্ষতা অর্জনের সুযোগ পেয়ে আমি আনন্দিত।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ইরফান মন্ডল বলেন, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মশালায় প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণে সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস স্টেশন সহযোগিতা প্রদান করে।