{{ news.section.title }}
স্বাধীনতার ঘোষণা নিয়ে জামায়াত আমিরের বক্তব্যে চবি ছাত্রদলের তীব্র নিন্দা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
স্বাধীনতার ঘোষণা ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। তারা অভিযোগ করেন, ওই বক্তব্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত ও অবমাননা করা হয়েছে, যা শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে চবি ছাত্রদল জানায়, চট্টগ্রাম নগরীর বন্ধন স্কুল মাঠে অনুষ্ঠিত একটি নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছেন, তা মহান মুক্তিযুদ্ধের মৌলিক ও ঐতিহাসিক সত্যের পরিপন্থী। ছাত্রদলের দাবি, এ ধরনের বক্তব্য জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা এবং মুক্তিযুদ্ধবিরোধী শক্তির ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতার ঘোষণা মহান মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার মুখে জাতি যখন দিশেহারা, তখন শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান, বীর উত্তম, জীবনের ঝুঁকি নিয়ে ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন এবং জাতিকে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। ওই ঘোষণা মুক্তিযুদ্ধের সুসংগঠিত সূচনা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অস্তিত্বের ঐতিহাসিক ভিত্তি হিসেবে বিবেচিত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এক যৌথ বিবৃতিতে বলেন, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ঘোষণা ও জাতীয় ইতিহাস নিয়ে কোনো ধরনের বিকৃতি, অপপ্রচার বা কটুক্তি বরদাশত করা হবে না। তারা অবিলম্বে ডা. শফিকুর রহমানকে তাঁর বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।
একই সঙ্গে তারা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও প্রচারে দেশপ্রেমিক সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, ইতিহাস বিকৃতির যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা রাজপথে ও জনমত গঠনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলবে।