জুলাই ২৪ জাগরণী হল ও জাকসুর উদ্যোগে ‘Ramadan Clinic: Meet Your Dietician’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জুলাই ২৪ জাগরণী হল ও জাকসুর উদ্যোগে ‘Ramadan Clinic: Meet Your Dietician’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • Author, জাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

জুলাই ২৪ জাগরণী হল শিক্ষার্থী সংসদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর যৌথ উদ্যোগে ‘Ramadan Clinic: Meet Your Dietician’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে শুরু হওয়া এ আয়োজনটি রাত সাড়ে ৮টায় ডায়েটেশিয়ানের সঙ্গে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হয়।সেমিনারে প্যানেল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতালের প্রিন্সিপাল ডায়েটেশিয়ান তামান্না চৌধুরী।

সেমিনারে রমজান মাসে সঠিক ডায়েটারি প্র্যাকটিস কেমন হওয়া উচিত সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে রমজানে কোন খাবারগুলো গ্রহণ করা উচিত এবং কোন খাবারগুলো পরিহার করা প্রয়োজন, তা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নারী শিক্ষার্থীদের জন্য ডায়েটেশিয়ানের সঙ্গে একটি ওপেন প্রশ্নোত্তর সেশন অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে জুলাই ২৪ জাগরণী হল শিক্ষার্থী সংসদের ভিপি নাহ্দাতুন হাসানা বলেন,“ঈদকে ঘিরে যেমন আমাদের উচ্ছ্বাস থাকে, তেমনি পুরো রমজান মাসকে ঘিরেও প্রস্তুতি ও সচেতনতা থাকা জরুরি। দীর্ঘ এক মাস ইবাদত ও রোজা পালনের জন্য শারীরিকভাবে সুস্থ ও ফিট থাকা প্রয়োজন। রোজার আগে থেকেই সঠিক ডায়েটারি প্র্যাকটিস শুরু করলে রমজান সহজ ও নিরাপদভাবে পালন করা সম্ভব।”

তিনি আরও বলেন,“বিশেষ করে নারী শিক্ষার্থীদের গ্যাস্ট্রিক, ল্যাকটোজ ইনটলারেন্সসহ বিভিন্ন শারীরিক সমস্যার বিষয়টি মাথায় রেখেই এই আয়োজন করা হয়েছে। ডায়েটেশিয়ানের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বিষয়ক দিকনির্দেশনার মাধ্যমে নারীরা যেন সুস্থভাবে রোজা রাখতে পারেন এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, রমজানে সুস্থ থাকার জন্য ব্যালান্সড ডায়েট গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফলমূল, সালাদ ও পর্যাপ্ত পানি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং তেলযুক্ত খাবার পরিহারের আহ্বান জানান। এ ধরনের সময়োপযোগী আয়োজন শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।

এসময় জাকসুর জিএস মাজহারুল ইসলাম, নারী এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলাসহ আর অনেক নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক নারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


সম্পর্কিত নিউজ