১১ বছরের পুরোনো বেতন কাঠামো বাতিলের দাবি, চবিতে শিক্ষক–কর্মকর্তা–কর্মচারীদের কর্মসূচি

১১ বছরের পুরোনো বেতন কাঠামো বাতিলের দাবি, চবিতে শিক্ষক–কর্মকর্তা–কর্মচারীদের কর্মসূচি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে অপরিবর্তিত বেতন কাঠামো বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন যুক্তি তুলে ধরে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করেন। কর্মসূচিটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রধান ও ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহিম।

এতে বক্তব্য দেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক ড. মুমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ বলেন, শিক্ষক সমাজ এই দাবির যৌক্তিকতার সঙ্গে একমত। দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন না হলে শিক্ষকদের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া ক্রমেই কঠিন হয়ে পড়বে। তিনি সরকারের প্রতি বিষয়টি অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

ড. মুমিন বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামোর তুলনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর জন্য স্বতন্ত্র পে স্কেল থাকলেও বাংলাদেশে সে ব্যবস্থা নেই বলে তিনি আক্ষেপ করেন। ২০১৫ সালের পর পে স্কেল হালনাগাদ না হওয়ায় ১১ বছর আগের কাঠামো বর্তমান বাজারের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার জাবেদ জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় রোববার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়েছে। তার ধারাবাহিকতায় সোমবার মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়। তিনি বলেন, দাবি আদায়ে কর্মসূচি অব্যাহত থাকবে এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনগুলোতেও কর্মবিরতি পালন করা হবে।

ডেপুটি রেজিস্ট্রার শহীদুল হক বলেন, ২০০৯ সালের পে স্কেল বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের অনুরোধ জানান।

ডেপুটি রেজিস্ট্রার আব্দুর সবুর বলেন, অবিলম্বে জাতীয় নবম পে স্কেল কার্যকর না হলে আন্দোলন আরও বিস্তৃত হবে। তবে সরকার দাবি মেনে নিলে সবাই স্বাভাবিক কর্মসূচিতে ফিরে যেতে প্রস্তুত বলে জানান তিনি।


সম্পর্কিত নিউজ