{{ news.section.title }}
চবি প্রথম বর্ষ স্নাতক ভর্তি: মেধা তালিকা প্রকাশ ১৮ ফেব্রুয়ারি, ভর্তি শুরু ২২ ফেব্রুয়ারি
- Author, চবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফলসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা থেকে প্রকাশিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকল ইউনিট ও উপ-ইউনিটের মেধা তালিকায় উত্তীর্ণ সাধারণ ও কোটাভুক্ত শিক্ষার্থী এবং বিভাগ ও ইনস্টিটিউট মনোনয়নপ্রাপ্তদের প্রথম তালিকা আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনলাইনে প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশিত প্রথম তালিকার ভিত্তিতে সাধারণ ও কোটার আসনে বিভাগ ও ইনস্টিটিউট মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তি কার্যক্রম আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিসে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও প্রয়োজনীয় তথ্য যথাসময়ে সংশ্লিষ্ট ইউনিট অফিস থেকে জানিয়ে দেওয়া হবে। ভর্তি কার্যক্রম নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে শিক্ষার্থীদের নির্ধারিত সময়সূচি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সচিবের স্বাক্ষরে ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।