আজ থেকে শুরু চবিতে আইইআরডিসির আয়োজনে দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা

আজ থেকে শুরু চবিতে আইইআরডিসির আয়োজনে দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা
  • Author, চবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ ডিবেটিং ক্লাবের (আইইআরডিসি) আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা 1st IERDC Nationals 2026।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার, ২৪ জানুয়ারি।

আয়োজকরা জানান, এশিয়ান পার্লামেন্টারি বাংলা ফরম্যাটে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সেরা বিতার্কিকরা অংশগ্রহণ করছেন। আন্তঃস্কুল-কলেজ পর্যায়ে ১৪টি দল এবং আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০টি দল এই জাতীয় টুর্নামেন্টে অংশ নিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতার্কিকরা এতে অংশ নিয়েছেন।

 

আইইআর ডিবেটিং ক্লাবের মিডিয়া সেক্রেটারি খন্দকার তানভীন কায়েস লিওন বলেন, “বিভাগভিত্তিক একটি ক্লাব হিসেবে জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে স্পন্সর ব্যবস্থাপনা, টিম ম্যানেজমেন্ট এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় প্রতিযোগিতার সব কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছে।”

 

আইইআরডিসির সাংগঠনিক সম্পাদক এবং চাকসুর সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান বলেন, “একটি ডিপার্টমেন্টাল ক্লাব হয়েও জাতীয় পর্যায়ের এমন একটি আয়োজন সফলভাবে বাস্তবায়ন করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা মনে করি, এটি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগভিত্তিক ক্লাবগুলোর জন্যও একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।”

 

তিনি আরও বলেন, “পাহাড়ঘেরা নৈসর্গিক পরিবেশ, শীতের হিমেল বাতাস এবং প্রাণবন্ত ক্যাম্পাসজুড়ে বিতার্কিকদের উপস্থিতিতে পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ এখন যুক্তি ও বুদ্ধিবৃত্তিক চর্চার এক উৎসবে পরিণত হয়েছে।”

 

আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অডিটোরিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। ফাইনাল পর্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন), ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের ডিন, ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের পরিচালক, আইইআরডিসির ক্লাব মডারেটর, চাকসু নেতৃবৃন্দসহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত থাকার কথা রয়েছে।


সম্পর্কিত নিউজ