জাবিতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাবিতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • Author, জাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও সাভার অঞ্চলের গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রশিক্ষণ কর্মসূচির প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়।
প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)-এর সভাপতি মেহেদী মামুন। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয় ও সাভার অঞ্চলের অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।
প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান। তিনি নির্বাচনকালীন সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ, তথ্য যাচাইয়ের গুরুত্ব এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই দেশ বারবার ভুয়া নির্বাচনের কারণে রক্তাক্ত হয়েছে। যদি নির্বাচন প্রকৃত অর্থে সুষ্ঠু হতো, তবে শিশুসহ এত মানুষের প্রাণ দিতে হতো না। আজ ভঙ্গুর মা-বাংলাদেশ আমাদের কাছে একটাই আকুতি জানাচ্ছে এবার যেন আর তাকে অপমানিত না করা হয়। এই সংকটময় সময়ে সাংবাদিকদের দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ; কারণ তারা দর্পণের মতো সমাজের সত্য তুলে ধরেন। সততা ও বস্তুনিষ্ঠতাই পারে এই দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে।”
 

সম্পর্কিত নিউজ