চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়াই ৮০ জনের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়াই ৮০ জনের
  • Author, চবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার শুরু হচ্ছে। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি কার্যক্রমের সূচনা হচ্ছে, যা আগামী ১০ জানুয়ারি ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হবে। আসনসংখ্যার তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় এই ইউনিটেই এবছর সবচেয়ে বেশি প্রতিযোগিতা হচ্ছে।

গত বছরের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবং কেন্দ্রভিত্তিক চাপ সামাল দিতেই একাধিক কেন্দ্রে পরীক্ষা নেওয়ার এই ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে এবার মোট পরীক্ষার্থী ৮৭ হাজার ৬৯৪ জন। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ১৯ হাজার ৩৪৫ জন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫৫ হাজার ৫৪৩ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ১২ হাজার ৮০৬ জন।

বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ৯৩টি। সে হিসেবে একটি আসনের জন্য গড়ে প্রায় ৮০ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন, যা এই ইউনিটকে এবারের ভর্তি পরীক্ষার সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইউনিটে পরিণত করেছে।

ইউনিটভেদে বিষয়ভিত্তিক মানবণ্টন আগেই জানানো হয়েছে। ‘এ’ ইউনিটের প্রশ্নপত্রে ইংরেজির পাশাপাশি পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও জীববিদ্যা বিষয় থেকে নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রশ্ন থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রসাশন জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে তিনটি কেন্দ্রেই প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে ভর্তি পরীক্ষাসংক্রান্ত সব নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত নিউজ