এ ইউনিট দিয়ে শুরু চবির ভর্তি পরীক্ষা, কাল থেকে ভর্তিযুদ্ধে নামছেন লাখো শিক্ষার্থী

এ ইউনিট দিয়ে শুরু চবির ভর্তি পরীক্ষা, কাল থেকে ভর্তিযুদ্ধে নামছেন লাখো শিক্ষার্থী
  • Author, চবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি কার্যক্রমের সূচনা হবে, যা আগামী ১০ জানুয়ারি ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হবে।

ভর্তি পরীক্ষা শুরুর আগে বুধবার বিকেলে প্রক্টর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সার্বিক প্রস্তুতি ও পরীক্ষাসংক্রান্ত নির্দেশনার কথা জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পরীক্ষার্থীদের অবশ্যই সকাল সাড়ে ১০টার মধ্যে নিজ নিজ নির্ধারিত আসনে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র প্রদর্শন করে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে এবং বেলা ১১টার পর কোনো পরীক্ষার্থীকে আর হলে ঢুকতে দেওয়া হবে না। ভর্তির ওয়েবসাইটে লগইন করে সংশ্লিষ্ট ইউনিট বা উপ-ইউনিটের পরীক্ষার ৪৮ ঘণ্টা আগে থেকে সিট প্ল্যান জানা যাবে। এজন্য আগে প্রবেশপত্র ডাউনলোড করা বাধ্যতামূলক। পরীক্ষার দিন সঙ্গে রাখতে হবে প্রবেশপত্রের এক কপি এবং উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামীকাল ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এই ইউনিটের আওতায় বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের মোট ১ হাজার ৯৩টি আসনের বিপরীতে অংশ নেবেন ৮৭ হাজার ৬৯৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ফলে প্রতি আসনের বিপরীতে গড়ে প্রায় ৮০ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পরবর্তী দিনগুলোতে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে অন্যান্য ইউনিট ও উপ-ইউনিটের পরীক্ষা। ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৩ জানুয়ারি ‘ডি’ ইউনিট, ৫ জানুয়ারি ‘ডি-১’ উপ-ইউনিট, ৭ জানুয়ারি ‘বি-১’ উপ-ইউনিট, ৮ জানুয়ারি ‘বি-২’ উপ-ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত বছরের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি শিক্ষাবর্ষে চারটি ইউনিট ও তিনটি উপ-ইউনিট মিলিয়ে মোট ৩ হাজার ৫৯৭টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৩৩ হাজারের বেশি শিক্ষার্থী। এ হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন গড়ে ৬৫ জন ভর্তিচ্ছু। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ‘এ’ ইউনিটে।
ভর্তি পরীক্ষা হবে বহুনির্বাচনী পদ্ধতিতে। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে যুক্ত হবে অতিরিক্ত ২০ নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। ‘ডি-১’ উপ-ইউনিট ছাড়া সব ইউনিটে পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০ এবং ‘ডি-১’ উপ-ইউনিটে পাস নম্বর ৩৫।

ইউনিটভেদে বিষয়ভিত্তিক মানবণ্টনও জানানো হয়েছে। ‘এ’ ইউনিটে ইংরেজি এবং পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও জীববিদ্যা থেকে নির্ধারিত নিয়মে প্রশ্ন থাকবে। অন্য ইউনিট ও উপ-ইউনিটগুলোতেও আলাদা আলাদা বিষয়ের জন্য ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রক্টর জানান, পরীক্ষার দিন ক্যাম্পাসে ২২০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ও ২৫ জন গোয়েন্দা সংস্থার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশের পাশাপাশি পরীক্ষার্থীদের সহায়তায় তথ্যকেন্দ্র, মেডিকেল ক্যাম্প, বিশ্রামাগার ও ফায়ার সার্ভিসের টহল ব্যবস্থা থাকবে। রোভার স্কাউট ও বিএনসিসি সদস্যরাও সার্বিক ব্যবস্থাপনায় যুক্ত থাকবেন।

এদিকে এবছর ‘এ’ ইউনিটে আবেদনের ন্যূনতম যোগ্যতা কিছুটা শিথিল করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ-৮ থাকলেই আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে, যা গত বছর ছিল ৮ দশমিক ৫।
সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এবারের ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে। আগামীকাল ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম।

সম্পর্কিত নিউজ