দীর্ঘ ৪৫ ঘণ্টা পর শেষ হলো জাকসু নির্বাচনের ভোট গণনা

দীর্ঘ ৪৫ ঘণ্টা পর শেষ হলো জাকসু নির্বাচনের ভোট গণনা
  • Author,
  • Role, জাগরণ নিউজ
  • লেখক, Muhammad Qutayba

দীর্ঘ ৪৫ ঘণ্টা অপেক্ষার পর অবশেষে শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার কারণে সময় বেশি লেগেছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মুনিরুজ্জামান জানান, দুপুর ২টার মধ্যে ভোট গণনা শেষ হবে এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে সন্ধ্যা ৭টায়।

নির্বাচনে ১১ হাজার ৭৫৯ জন ভোটারের মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন এবং যুগ্ম সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৬ জন।

নারী প্রার্থীর সংখ্যা ছিল ছয়। এবারের নির্বাচনে আটটি পূর্ণ ও আংশিক প্যানেল অংশ নেয়। তবে ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণের মধ্যেই কারচুপির অভিযোগ তুলে পাঁচটি প্যানেল নির্বাচন বর্জন করে। এর মধ্যে ছিল ছাত্রদল সমর্থিত প্যানেল, প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের ‘সংশপ্তক পর্ষদ’ এবং স্বতন্ত্রদের ‘অঙ্গীকার পরিষদ’।

এছাড়া ছাত্র ফ্রন্টের একটি বিভাজিত অংশ ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও বর্জনের ঘোষণা দেন।

এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ১১ হাজার ৮৯৭ শিক্ষার্থী ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়। ছাত্রদের হলভিত্তিক ভোটার সংখ্যা অনুযায়ী সবচেয়ে বেশি ভোটার ছিলেন জাতীয় কবি নজরুল হলে (৯৯২ জন) এবং তাজউদ্দীন আহমদ হলে (৯৪৭ জন)। অন্যদিকে সবচেয়ে কম ভোটার ছিলেন আল বেরুনী হলে (২১০ জন)।

দীর্ঘদিন পর আয়োজিত জাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেলেও ভোট গণনার দীর্ঘসূত্রতা শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।


সম্পর্কিত নিউজ