কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত হলো ইউনেট স্পিকআপ বাংলাদেশ সিজন ২ গ্র্যান্ড ফিনালে

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত হলো ইউনেট স্পিকআপ বাংলাদেশ সিজন ২ গ্র্যান্ড ফিনালে
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

বাংলাদেশের তরুণদের ইংরেজি ভাষায় কার্যকর যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত জাতীয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা “ইউনেট স্পিকআপ বাংলাদেশ সিজন ২”-এর গ্র্যান্ড ফিনালে সফলভাবে আয়োজন করেছে ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক - ইউনেট।

গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত এ আয়োজনের সহযোগিতায় ছিল সিইউবি ক্যারিয়ার অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাব। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত প্রতিযোগীরা অংশ নেন এই জাতীয় পর্যায়ের আয়োজনে, যেখানে তরুণরা নিজেদের ভাবনা, নেতৃত্ব ও গল্প বলার দক্ষতা তুলে ধরার সুযোগ পান।

 

প্রতিযোগিতাটি একাধিক ধাপে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল অনলাইন রেজিস্ট্রেশন, পাবলিক স্পিকিং বিষয়ক বিশেষ অনলাইন ওয়ার্কশপ, ভিডিওভিত্তিক প্রাথমিক রাউন্ড এবং ঢাকায় গ্র্যান্ড ফিনালে। নিবন্ধিত অংশগ্রহণকারীরা ইউনেট-এর ভবিষ্যৎ বিভিন্ন উদ্যোগ ও সদস্যপদ সুবিধার আওতায় আসেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক। তিনি তরুণদের আত্মবিশ্বাসী ও দক্ষ নেতৃত্বে গড়ে তুলতে এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের আদিবা সুলতানা আলিফা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মালিহা আলম প্রথম রানার-আপ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর টিএম ওয়ালিউল্লাহ তুর্য দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হন।

 

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ইভেন্ট হোস্ট, ট্রেইনার ইশা খান; সমাজকর্মী, লেখক ও গবেষক এবং ব্রাক মাইক্রোফিনেন্স-এর ম্যানেজার অদ্রিকা এশনা পুর্বাশা; কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর স্কুল অব বিজনেস-এর প্রভাষক ফারিহা বাসার; এবং ওয়াই ওয়াই ভেঞ্চার-এর অ্যাসোসিয়েট ফাইরানা আফসানা।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইউনেট-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এবং প্রতিযোগিতার ইভেন্ট অ্যাডভাইজার মুহাম্মাদ আলতামিশ নাবিল বলেন, “বর্তমান বিশ্বে পাবলিক স্পিকিং আর অতিরিক্ত কোনো দক্ষতা নয়, বরং এটি অত্যাবশ্যকীয় একটি সক্ষমতা। স্পিকআপ বাংলাদেশ-এর মাধ্যমে আমরা এমন এক প্রজন্ম তৈরি করতে চাই, যারা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের ভাবনা তুলে ধরতে পারবে, পরিবর্তনে অনুপ্রেরণা জোগাবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। ভবিষ্যতে আমরা এই প্ল্যাটফর্মকে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সম্প্রসারণ করতে চাই।”

 

ইউনেট-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিওও এবং ইভেন্ট ডিরেক্টর মাহির আসেফ বলেন, “সিজন ২ আগের যেকোনো সময়ের তুলনায় আরও বড়, আরও প্রতিযোগিতাপূর্ণ এবং আরও প্রভাবশালী ছিল। আমরা বিশ্বাস করি, এই প্ল্যাটফর্ম তরুণদের আত্মবিশ্বাস, নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা বিকাশে দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ইউনেট-এর ক্রিয়েটিভ হেড এবং সিইউবি ক্যারিয়ার অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাব-এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রবিউল ইসলাম। এছাড়াও স্বেচ্ছাসেবক, আয়োজক, পার্টনার ও সহযোগী সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।

 

ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক - ইউনেট একটি বাংলাদেশভিত্তিক বৈশ্বিক প্ল্যাটফর্ম, যা তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং আন্তর্জাতিক নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ক্ষমতায়নে কাজ করছে। বিভিন্ন প্রশিক্ষণ, উদ্যোগ ও আয়োজনের মাধ্যমে ইউনেট তরুণদের কর্পোরেট, উদ্যোক্তা ও সামাজিক খাতে সফলভাবে এগিয়ে যেতে সহায়তা করে।


সম্পর্কিত নিউজ