ঈদের আগে বড় সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষকরা

ঈদের আগে বড় সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষকরা
ছবির ক্যাপশান, ঈদের আগে বড় সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষকরা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ভাতা মূল বেতনের ৬০ শতাংশে উন্নীত করার প্রস্তাব দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সম্প্রতি তিনি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী-এর কাছে পাঠানো একটি আধা-সরকারি চিঠিতে (ডিও লেটার) এ সুপারিশ করেন।

চিঠিতে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতের উন্নয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবদান অপরিসীম। তাদের চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধি, কল্যাণ নিশ্চিত করা এবং শিক্ষা সেবার মানোন্নয়ন করা সরকারের দায়িত্ব।

তিনি উল্লেখ করেন, অতীতে শিক্ষা খাতের তুলনায় ভৌত অবকাঠামো খাতে বেশি ব্যয় হওয়ায় শিক্ষার বাজেট সংকুচিত হয়েছে। এতে শিক্ষকদের জীবনযাত্রা ও সামাজিক অবস্থানে বৈষম্য তৈরি হয়েছে।

এ পরিস্থিতি উত্তরণে শিক্ষা খাতে বাজেট বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে দেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় ৬ লাখ ৪ হাজার ৬৫১ জন।

বর্তমানে এসব শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন। তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই ভাতা বাড়িয়ে ৬০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এই প্রস্তাব বাস্তবায়িত হলে অতিরিক্ত ১০ শতাংশ ভাতা বৃদ্ধির কারণে সরকারের বাড়তি ব্যয়ের প্রয়োজন হবে। হিসাব অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বছরে প্রায় ১৯০ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে প্রায় ৯৫ কোটি ৮০ লাখ টাকা-মোট প্রায় ২৮৫ কোটি ৮০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন হবে।

এ অবস্থায় ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ বরাদ্দের জন্য অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন এহছানুল হক মিলন।


সম্পর্কিত নিউজ