শিক্ষকদের ঈদ বোনাস কবে দেওয়া হবে, জানাল মাউশি

শিক্ষকদের ঈদ বোনাস কবে দেওয়া হবে, জানাল মাউশি
ছবির ক্যাপশান, ছবি: জাগরণ

ঈদুল আজহা উপলক্ষে বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর এসেছে।

আজ মঙ্গলবার (১৯ মে) থেকেই তাদের উৎসব ভাতার অর্থ ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামীকাল বুধবারের মধ্যেই সব শিক্ষক-কর্মচারীর অ্যাকাউন্টে এ ভাতার টাকা পৌঁছে যাবে।

 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, ঈদুল আজহার উৎসব ভাতার অর্থ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। ব্যাংকগুলো ইতোমধ্যে শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছে। ফলে অনেক শিক্ষক-কর্মচারী আজ থেকেই তাদের অ্যাকাউন্টে উৎসব ভাতার অর্থ দেখতে পাচ্ছেন।

 

এবার ঈদ উৎসব ভাতার আওতায় মোট ৩ লাখ ৯১ হাজার ৮৯ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে স্কুল পর্যায়ের শিক্ষক-কর্মচারী রয়েছেন ৩ লাখ ৩ হাজার ১৬৪ জন এবং কলেজ পর্যায়ে রয়েছেন ৮৭ হাজার ৯২৫ জন।

এর আগে গত রোববার এসব শিক্ষক-কর্মচারীর উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে প্রয়োজনীয় অনুমোদন শেষে অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করে মাউশি।

 

শিক্ষক নেতারা বলছেন, ঈদের আগে উৎসব ভাতার অর্থ হাতে পাওয়ায় শিক্ষক-কর্মচারীরা কিছুটা স্বস্তি পাবেন। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে পরিবার নিয়ে ঈদের প্রস্তুতি নিতে এ অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

বর্তমানে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের একটি নির্ধারিত অংশ উৎসব ভাতা হিসেবে পেয়ে থাকেন। প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার আগে সরকার এই ভাতা প্রদান করে।

 

এদিকে শিক্ষা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, উৎসব ভাতার পাশাপাশি চলতি মাসের বেতনও দ্রুত ছাড়ের বিষয়ে কাজ চলছে, যাতে শিক্ষক-কর্মচারীরা ঈদের আগেই সব আর্থিক সুবিধা হাতে পান।


সম্পর্কিত নিউজ