{{ news.section.title }}
বিশ্ব স্বর্ণবাজারে বড় দরপতন, দুই দিনে কমলো ৮০ হাজার টাকা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বগতির পর হঠাৎ বড় ধাক্কা খেয়েছে বিশ্ব স্বর্ণবাজার। মাত্র দুই দিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম উল্লেখযোগ্য দরপতন হিসেবে বিবেচিত হচ্ছে। বাজার সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, একদিনেই বিশ্ববাজারে সোনার দাম কমেছে প্রায় ৮ দশমিক ২২ শতাংশ। এর ফলে দুই দিনে প্রতি ভরিতে প্রায় ৮০ হাজার টাকা পর্যন্ত দাম কমেছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম নেমে আসে প্রতি আউন্স ৪ হাজার ৮৯০ ডলারে। উল্লেখ্য, এক আউন্স সোনা প্রায় ২ দশমিক ৬৬৭ ভরির সমান। এর আগের দিন প্রতি আউন্স সোনার দাম ছিল প্রায় ৫ হাজার ২০০ ডলার। এমনকি বৃহস্পতিবার সকালে সোনার দর বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৫৫০ ডলারেরও ওপরে উঠে, যা বিশ্ব স্বর্ণবাজারের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড হিসেবে বিবেচিত হয়।
হিসাব অনুযায়ী, সর্বোচ্চ দরে পৌঁছানোর পর মাত্র দুই দিনের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম কমেছে প্রায় ৬৬০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮০ হাজার ৫০০ টাকারও বেশি। অল্প সময়ের মধ্যে এমন বড় দরপতন বিশ্ব স্বর্ণবাজারে অস্থিরতার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।
খাত সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে গ্রিনল্যান্ড ইস্যুতে টানাপোড়েন, পাশাপাশি ইরান ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং সামগ্রিক ভূরাজনৈতিক উত্তেজনা বিশ্ববাজারে সোনার চাহিদা বাড়িয়ে তোলে। এসব অনিশ্চয়তার প্রভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দাম দ্রুত বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায়।
তবে রেকর্ড দামের পরই গত দুই দিন ধরে শুরু হয় দরপতন। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অনিশ্চয়তার সময় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকলেও স্বল্প সময়ে উল্লেখযোগ্য মুনাফার সুযোগ তৈরি হলে অনেকেই লাভ তুলে নিতে শুরু করেন। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ডলার শক্তিশালী হওয়া এবং সুদের হার দীর্ঘ সময় উচ্চ থাকতে পারে-এমন ইঙ্গিতও সোনার দামের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। এসব কারণের সঙ্গে বাজারের স্বাভাবিক মূল্য সংশোধন যুক্ত হয়ে সাম্প্রতিক বড় দরপতনের পরিস্থিতি তৈরি হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ১৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৩ বার দাম বাড়ানো হয়েছে এবং ৫ বার কমানো হয়েছে। গত বছর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছে এবং ২৯ বার কমেছে।