{{ news.section.title }}
হাদি হত্যা মামলা: আদালতে দোষ স্বীকার করলেন ফয়সালের সহযোগী রুবেল
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদ আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান। তিনি জানান, দুই দফায় মোট ৯ দিনের রিমান্ড শেষে শনিবার রুবেলকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগের সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা রুবেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান তার জবানবন্দি গ্রহণ করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গত ২১ জানুয়ারি গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের আটি নয়াবাজার এলাকা থেকে ডিবি পুলিশের সহায়তায় রুবেলকে গ্রেপ্তার করে সিআইডি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে ওসমান হাদিকে গুলি করা হয়। হামলার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।