সিলেটে নিখোঁজের ৪ দিন পর লন্ডন প্রবাসীর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

সিলেটে নিখোঁজের ৪ দিন পর লন্ডন প্রবাসীর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সিলেটের জকিগঞ্জ উপজেলার একটি হাওর থেকে নিখোঁজ লন্ডন প্রবাসী বুরহান উদ্দিন শফির (৫৪) অগ্নিদগ্ধ ও বীভৎস মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের চারদিন পর মঙ্গলবার দুপুরে জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের কোনারবন্দ হাওর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বুরহান উদ্দিন সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর আশিঘর গ্রামের সমছু মিয়ার ছেলে।পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ জানুয়ারি যুক্তরাজ্য থেকে দেশে ফিরে সিলেট শহরের আম্বরখানা এলাকার একটি বাসায় ওঠেন বুরহান উদ্দিন।

এরপর ৩০ জানুয়ারি কুলাউড়া যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় ৩১ জানুয়ারি সিলেটের এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বজনরা।সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নিখোঁজের দিন তিনি এক যুবকের সঙ্গে মোটরসাইকেলে করে কোথাও যাচ্ছিলেন।

মঙ্গলবার দুপুরে জকিগঞ্জের কোনারবন্দ হাওরে স্থানীয়রা আগুনে পোড়ানো একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর একটি বিশেষ টিম মরদেহের পরিচয় নিশ্চিত করতে কাজ করেছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আগুনে পোড়ানোর স্পষ্ট চিহ্ন ছিল এবং গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। মরদেহের পাশে একটি লবণের প্যাকেটও উদ্ধার করা হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশের প্রাথমিক ধারণা, হত্যার পর পরিচয় গোপন করা এবং আলামত নষ্ট করার উদ্দেশ্যে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পুলিশ আসামিদের ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।  


সম্পর্কিত নিউজ