বাংলাদেশে কার্যক্রম শুরুতে আগ্রহী পেপ্যাল

বাংলাদেশে কার্যক্রম শুরুতে আগ্রহী পেপ্যাল
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বিশ্বের জনপ্রিয় ডিজিটাল আর্থিক প্রতিষ্ঠান পেপ্যাল বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করার আগ্রহ প্রকাশ করেছে। নিজেদের সুদীর্ঘ প্রক্রিয়ার জন্য যেকোনো নতুন বাজারে তাদের প্রবেশ করা সময় সাপেক্ষ হওয়ায় বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু হতেও সময় লাগবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এই তথ্য জানান।
তিনি জানান, “নীতিগতভাবে পেপ্যাল এখন বাংলাদেশে প্রবেশে আগ্রহী, তবে তারা হুট করে কোনো বাজারে ঢুকে পড়ে না। তারা অভ্যন্তরীণ আলোচনা, বিতর্ক এবং পরিচালনা পর্ষদ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ধাপে ধাপে অগ্রসর হয়।“

এসময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সুশাসনের উন্নতি হওয়ায় প্রতিষ্ঠানটির আস্থা বেড়েছে। গত ডিসেম্বরে পেপ্যালের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে তথ্যপ্রযুক্তি খাতের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পরিস্থিতি মূল্যায়ন করেছে।‘

উল্লেখ্য, এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য ছিলো সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনের বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও কার্যক্রমের বিষয়ে গণমাধ্যমকে ব্রিফিং দেওয়া। এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম-ও উপস্থিত ছিলেন।

দাভোসের সম্মেলনে প্রায় ১৮ থেকে ২০টি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন লুৎফে সিদ্দিকী। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, আইএমএফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক নেতাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা হয় সেখানে। এছাড়াও বৈঠকে দুই দেশের মধ্যে শুল্ক ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গে আলোচনা হয়।

এই সংবাদ সম্মেলনে এই বিষয়ে লুৎফে বলেন, বাংলাদেশের বন্দর ও কাস্টমস ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের মিল থাকায় বাণিজ্য আরও সহজ হবে এবং শিগগিরই শুল্ক বিষয়ে ইতিবাচক ঘোষণা আসতে পারে।
তিনি জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইউরোপীয় ইউনিয়নের স্বীকৃতি পেয়ে বাংলাদেশ শ্রম সংস্কারে উন্নতি করে যাচ্ছে।
তিনি আশা করেন, এই অর্থনৈতিক কূটনীতি দেশের বৈদেশিক বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্যকে আগামীতে আরও শক্তিশালী করে তুলবে।


সম্পর্কিত নিউজ