নির্বাচন ও গণভোট ঘিরে উপকূলে কড়া নিরাপত্তা, মোতায়েন বাংলাদেশ কোস্ট গার্ড

নির্বাচন ও গণভোট ঘিরে উপকূলে কড়া নিরাপত্তা, মোতায়েন বাংলাদেশ কোস্ট গার্ড
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় শান্তি ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড মোতায়েন রয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাংলাদেশ কোস্ট গার্ড দৃঢ় প্রতিজ্ঞ। এ লক্ষ্যে গত ১৮ জানুয়ারি থেকে বাহিনীটি মোতায়েন করা হয়েছে এবং আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ২৮ দিন ধরে উপকূলীয় অঞ্চল ও নদীঘেঁষা দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

এরই অংশ হিসেবে ঢাকা জোনের আওতাধীন নারায়ণগঞ্জ, মতলব (উত্তর), চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোর ৩৯টি ভোটকেন্দ্রে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। নিয়মিত টহল, তৎপরতা বৃদ্ধি এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মাধ্যমে ভোটারদের জন্য নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিতের চেষ্টা চালিয়ে যাচ্ছে কোস্ট গার্ড।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট আয়োজনের বিষয়টিও সাধারণ জনগণের মধ্যে তুলে ধরা হচ্ছে। কোস্ট গার্ড সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন বয়স, পেশা ও শ্রেণির নারী-পুরুষের কাছে গণভোটের গুরুত্ব ব্যাখ্যা করে একটি জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গঠনে নাগরিকদের উদ্বুদ্ধ করার প্রচারণা অব্যাহত রেখেছেন।

নির্বাচনকালীন সময় আইন-শৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের ভোটাধিকার সুরক্ষা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়। পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সহায়তার মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সর্বাত্মক কার্যক্রম চালানো হবে।

একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরিতে বাংলাদেশ কোস্ট গার্ড জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন ব্রিফিং প্রদানকারী কর্মকর্তা, জোনাল কমান্ডার (ঢাকা জোন) কমান্ডার মো. ইমতিয়াজ হোসেন।


সম্পর্কিত নিউজ